

'বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র যে শুধু বিদেশিরাই করে তা নয়, বিদেশিরা যেন ষড়যন্ত্র করতে পারে, সেজন্য আমাদের দেশীয় কিছু সাহেব তাদের কান ভারী করছেন'— এ কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আরও বললেন, এরা গিয়ে বিদেশিদের বলেন বাংলাদেশের মানুষ বড় কষ্টে আছে, বহু অত্যাচারে আছে। কই কষ্ট, কই অত্যাচার?রোববার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টি আলী কলেজ মাঠে এবি ব্যাংক লিমিটেড আয়োজিত কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এ সময় আইনমন্ত্রী বলেন, বিএনপির এক নেতা নাকি বলেছেন বাংলাদেশে নির্বাচন বা বাংলাদেশের ভাগ্য ও সমস্যা বাংলাদেশের লোকজন মেটাতে পারবে না। দুই দল আওয়ামী লীগ-বিএনপিও মেটাতে পারবে না। এটা মেটাতে নাকি যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যকে লাগবে। অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ। বাংলাদেশে কী হবে, না হবে সেটা বাংলাদেশের জনগণ বুঝবে এবং চাইবে। আমরা স্বাধীন দেশের নাগরিক।


