

সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেয়ায় দলের সিদ্ধান্ত মেনে সিলেট সিটির ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন বলে তিনি।শনিবার (২০ মে) বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠে নাগরিক সভায় এ ঘোষণা দেন আরিফুল হক চৌধুরী। এ সময় আপনাদের ভালোবাসায় কৃতজ্ঞ উল্লেখ করে মেয়র আরিফুল বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপির রাজনীতি শুরু করেছি। জীবন থাকতে দলের ক্ষতি হয়; এমন সিদ্ধান্ত নেবো না। অনেকে আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন। আমি সে সুযোগ কাউকে দিতে চাই না, আর দেবো না।বর্তমান সরকারের অধীনে নির্বাচন করার কোনও পরিবেশ নেই অভিযোগ করে আরিফুল হক বলেন, এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিশেষ করে ইভিএম সম্পর্কে নগরীর মানুষজন জানেন না। ইভিএম মানে ভোট কারচুপির মহা-আয়োজন। আমি দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমার মা ও শ্রদ্ধেয় আলেম-ওলামাদের পরামর্শে নির্বাচন বর্জন করলাম, আপনারা আমাকে ক্ষমা করুন।জনগণকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, অতীতে আপনারা পাশে ছিলেন, আগামীতেও থাকবেন। আমি কারাগারে থাকা অবস্থায় আপনারা আমার পাশে এসে দাঁড়িয়ে ছিলেন। সেসব কথা ভুলতে পারি না। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। মেয়র না থাকলেও আপনাদের পাশে থাকবো সবসময়। আমার মতো আপনারাও এই ভোট বর্জন করুন।এর আগে দলের নেতাকর্মীদের নিয়ে নিজ বাসা কুমারপাড়া থেকে হেঁটে হযরত শাহজালালের (র.) মাজারে পৌঁছান আরিফুল। পরে মাজার জিয়ারত শেষে নেতাকর্মীদের নিয়ে রেজিস্ট্রারি মাঠে আসেন। এ সময় রেজিস্ট্রারি মাঠে হাজার হাজার নেতাকর্মীকে উপস্থিত থাকতে দেখা গেছে।



