

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শামীম মৃধা কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) উত্তীর্ণ হয়েছেন। ৩৪ বছর বয়সী শামীম উপজেলার মাওনা গ্রামের বাসিন্দা।শুক্রবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে তিনি পেয়েছেন জিপিএ-৪.৪৩। মহানগরের পূবাইল টেকনিক্যাল কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।মহানগরের পূবাইল টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন সরকার বলেন, “কলেজ থেকে এ বছর ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ছয়জন জিপিএ-৫-সহ ৪৬ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ইউপি সদস্য শামীম মৃধাও রয়েছেন।”শামীম মৃধা বলেন, “ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়ার পর পরিবারের সদস্যদের ইচ্ছায় বাবা আমাকে কওমি মাদ্রাসায় ভর্তি করে দেন। কওমি থেকে ২০০৮ সালে হাফেজি শিক্ষাগ্রহণ করি। এরপর মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে ভর্তি হলেও বাবার মৃত্যুতে সংসারের দায়িত্ব নেওয়ায় আর লেখাপড়া করা হয়নি। গত স্থানীয় সরকার নির্বাচনে মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হই।”তিনি বলেন, “নির্বাচনে অংশ নেওয়ার আগে প্রচার হয়, ইউপি সদস্য পদে নির্বাচন করতে হলে, প্রার্থীকে অন্তত এসএসসি পাস করতে হবে। এরকম সিদ্ধান্ত বাস্তবায়ন হলে নির্বাচনে অংশ নিতে না পারার চিন্তায় আমি ২০২১ সেশনে ওই কলেজে ভর্তি হই। শুক্রবার প্রকাশিত ফলে জিপিএ-৪.৪৩ পেয়ে উত্তীর্ণ হই। উত্তীর্ণ হওয়ার খবরে অনেকে বাড়িতে মিষ্টি নিয়ে আসছেন।”শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষিত লোকজন জনপ্রতিনিধি হলে মানুষ প্রকৃত সেবা পাবে উল্লেখ করে শামীম মৃধা বলেন, “আমার ইচ্ছে আছে কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার।”মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন বলেন, “দায়িত্বশীল একজন ইউপি সদস্য শামীম। মানুষের সেবা করার পাশাপাশি তার লেখাপড়ার ইচ্ছা আমাকে মুগ্ধ করেছে। শিক্ষার প্রতি তার এরকম আগ্রহ দেখে অনেকে অনুপ্রাণিত হবে।”



