

আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল দুটি আলাদা রাজ্য না হলে সেখানে শান্তি আসবে না— এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেটের শিবের বাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।এ কে আব্দুল মোমেন বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘর্ষ বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না। ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই। আমরা তাদের স্বীকৃতি দেইনি। চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব ধাক্কা খাবে। সেই ধাক্কায় কিছু অসুবিধা হতে পারে।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জি-২০ সম্মেলনে শেখ হাসিনার গত কয়েক বছরের উন্নয়ন কাজের প্রশংসা করেছেন বলেও এ সময় উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।


