

গতকাল বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে ট্রেনসহ মোট ১১টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সবগুলো অগ্নিসংযোগের ঘটনা ঢাকার মহানগরীর বাইরের।বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে তারা ১৬ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত মোট ১১টি আগুন লাগার সংবাদ পেয়েছে। এসব ঘটনায় ১১টি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঢাকা মহানগরীতে কোনো যানবাহনে আগুনের সংবাদ পায়নি তারা।এসব অগ্নিসংযোগের মধ্যে বুধবার সন্ধ্যা ৭টার পর সিলেটের শাহ পরানে একটি লেগুনায় আগুন, বগুড়ায় একটি কাভার্ড ভ্যানে আগুন, দোহারে একটি ট্রাকে এবং চট্টগ্রামের খুলশিতে দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। বগুড়ার শেরপুরে একটি ট্রাকে, ঝালকাঠির কলেজ মোড়ে একটি লেগুনায়, বগুড়া সদরের জয়বাংলাহাটে একটি ট্রাকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইসরাইলের মোড়ে একটি মিনি ট্রাকে, টাঙ্গাইল সদরে টাঙ্গাইল কমিউটার ট্রেনে এবং চাঁদপুরের হাজিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবন থেকে সিইসি কাজী হাবিবুল আউয়াল আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এ বছরের ৩০ নভেম্বর। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি চলবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। এরপরই শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।


