

দেশের উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মিধিলি। তাতে শঙ্কা কেটে গেছে। এটি দুর্বল হয়ে এখন পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। ঘূর্ণিঝড় সংক্রান্ত আবহাওয়ার ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় আবহাওয়া অধিদফতর।শঙ্কা কেটে যাওয়ায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এই ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ায় ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৯৩ কি. মি.। আর পটুয়াখালীতে ছিল ৮৪ কি. মি.। চাঁদপুরে সর্বোচ্চ ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।আজ শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে মিধিলির অগ্রভাগ পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম শুরু করে। ঘণ্টা তিনেকের মধ্যে এটি অতিক্রম করে যায়।



