

সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতে তাপানুকুল একটি কোচের ১৭টি আসন পুড়ে গেছে। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আর আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা এসে নিয়ন্ত্রণে আনেন। ওই সময় ট্রেনের ভেতরে পানির দুটি বোতলে পেট্রোল পাওয়া যায়।প্রত্যক্ষদর্শী ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, সিলেট-ঢাকা রুটে চলাচলকারী উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ১১টার দিকে সিলেট স্টেশন ত্যাগ করার কথা ছিল। এর মধ্যে রাত সাড়ে নয়টার দিকে একটি বগিতে আগুন দেখা যায়। এরপর সেখানে আতঙ্ক শুরু হয়। আর তাৎক্ষণিকভাবে অন্যান্য কোচগুলো বিচ্ছিন্ন করে সরিয়ে নেওয়া হয়।কারা আগুন দিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় সিলেট রেলওয়ে পুলিশ। তবে ভেতরে আলামত দেখে হরতাল অবরোধের নামে নাশকতাকারীদের কেউ এই আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে, এমনটাও জানায়।


