

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীকে পেটানোর হুমকি দেয়া নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গত বুধবার নরসিংদীতে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় সভায় দেয়া বক্তব্যে স্বতন্ত্র প্রার্থীকে পেটানোর হুমকি দেন আহসানুল ইসলাম রিমন। এরপর তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্য ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার নরসিংদী-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য, যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদুর রহমান নাহিদ তাকে শোকজ করেন। একইসঙ্গে আইন ভঙ্গের কারণে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সেই কারণ জানতে চেয়ে শোকজ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।শোকজে উল্লেখ করা হয়, বুধবার দুপুরে নরসিংদী ক্লাব লিমিটেডের মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলামের নৌকা প্রতীককে বিজয়ের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন তার বক্তব্যে বলেন, 'কোনো স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের উপর কোনো ওষুধ নাই। ছাত্রলীগের কোনো পোলাপান স্বতন্ত্ররে মানত না। স্বতন্ত্ররে কেমনে পিডাইতে অয়, হে অই দেহায়সে, হেরে আমরা এমনেই পিডামু। এই শহরের, এই সদরের নির্বাচনী কোনো এলাকায় তাদেরকে (স্বতন্ত্র প্রার্থী) কোনো জায়গা দেওয়া যাবে না।'তার এই বক্তব্যে নির্বাচনী আইন আচরণবিধি ভঙ্গ হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে নরসিংদী পুলিশ। একইসঙ্গে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানানো হয়।



