স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে দেখে নেয়ার হুমকি, পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ
হেড অফ ডিজিটাল মিডিয়া


আচরণবিধি লঙ্ঘনের দায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে শোকজ করা হয়েছে। রাজশাহী-৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ মো. সেফাতুল্লাহ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) তাকে শোকজ নোটিশ পাঠান।শোকজ নোটিশে বলা হয়, বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যম এবং ভুক্তভোগীর লিখিত অভিযোগের মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটি জানতে পারে, প্রতীক বরাদ্দের আগেই আপনি গত ২ ডিসেম্বর (শনিবার) রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চারঘাটের ফরহাদ আলাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন। জনসভায় স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের সমর্থক ছাত্রলীগের সাবেক নেতা ও পাকুড়িয়া ইউপির চেয়ারম্যান মেরাজুল ইসলামকে ‘কুলাঙ্গার’ বলে অপবাদসহ উসকানিমূলক বক্তব্য দেন।নোটিশে আরও বলা হয়, ১৭ ডিসেম্বরের পর তাকে (মিরাজ) দেখে নেয়াসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন আপনি। উক্ত আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(গ) ও বিধি ১১(ক) এবং বিধি-১২ লঙ্ঘন করেছেন, যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়।আগামী রোববার সকাল সাড়ে ১০টায় সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে এ বিষয়ে লিখিত জবাব দিতে নোটিশে বলা হয়েছে।


