

ছবিতে নীল রঙের বস্তুগুলো দেখতে ডিমের মতো। কেউ বল মনে করলেও ভুল করবেন না। তবে সেগুলোর ভেতরে মিললো তরল সোনা!দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই সোনার ডিমের হদিস মিলেছে। এই ছয় সোনার ডিমসহ প্রায় ৩৪ কেজি চোরাই সোনার একটি বড় চালান সিলেট বিমানবন্দর থেকে আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে উদ্ধার করা হয়েছে।এসব সোনার ডিম বিমানের ওয়াশরুমের ভেতরে লুকানো ছিল। আর একই ফ্লাইটেরই সিটের নিচে লুকানো ছিল ২৮০টি বড় আকারের স্বর্ণের বার। সব মিলিয়ে এসব স্বর্ণের ওজন দাঁড়ায় প্রায় ৩৪ কেজিতে। স্বর্ণ উদ্ধারের পাশাপাশি ৪ যাত্রীকেও আটক করা হয়েছে।আটককৃতরা হলেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম বড়ধামাই নোয়াবাজার এলাকার মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেটের দক্ষিণ সুরমার ন’ভাগ কামালবাজার এলাকার মোহাম্মদ সানু মিয়া, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চানপুর গ্রামের মিসফা মিয়া এবং একই উপজেলার সিকন্দপুর এলাকার মো. আখতারুজ্জামান।


