

মানবাধিকার এখন ব্যবসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। দাবি করলেন, কিছু কিছু সংগঠন মানবাধিকার নিয়ে ব্যবসা শুরু করেছে। মানবাধিকারের কথা বলে কোনো কোনো দেশকে দমন করে রাখার চেষ্টা করা হয়।শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।তথ্যমন্ত্রী দাবি করেন, বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে কেউ কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। তাদের ব্যাপারে সোচ্চার থাকতে দেশবাসীকে আহবান জানান।হাছান মাহমুদ এ সময় প্রশ্ন তুলেন, যেসব বিশ্ববেনিয়া মানবাধিকারের কথা বলে এবং বাংলাদেশেও যারা মানবাধিকার নিয়ে কথা বলে, ফিলিস্তিন নিয়ে তাদের ভূমিকা কেমন? আমি কথাগুলো বলছি, কারণ আগামী পরশু দিন ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস।


