

গাইবান্ধা-৪ আসনে নৌকার প্রার্থীকে ‘আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলেছেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুল। মনোনয়ন যাচাইবাছাইয়ের দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার সময় তিনি এমন কথা বলেন।গত ৩ ডিসেম্বর গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।জানা যায়, ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের সময় তথ্য ও কাগজপত্রে গরমিল থাকায় আবুল কালাম আজাদের প্রার্থিতা স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রাসুল। পরে ওই দিনই সংশোধনের আবেদন করে সঠিকভাবে কাগজপত্র জমা দেন আবুল কালাম আজাদ। এরপর বৈধ প্রার্থীর নাম ঘোষণার শুরুতেই ‘গাইবান্ধা-৪ আসনে আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলেন রিটার্নিং কর্মকর্তা। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ তার প্রার্থিতা বৈধ ঘোষণার ওই বক্তব্যের ভিডিও নিজের ফেসবুক পেজে আপলোড করেন। ১৪ সেকেন্ডের ভিডিওটিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে ‘আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলে বৈধ প্রার্থী হিসেবে ওই নাম ঘোষণা করতে দেখা যায়।নৌকার এই প্রার্থী ২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আসনটিতে এমপি নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে সাঁওতাল হত্যাসহ পাঁচটি মামলা আদালতে বিচারাধীন।



