সরকারি গাড়ি নিয়ে পুলিশ প্রটোকলে জনসভায়, জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে শোকজ
হেড অফ ডিজিটাল মিডিয়া


সরকারি গাড়ি ব্যবহার করে পুলিশ প্রটোকলে জনসভায় অংশগ্রহণ করায় মেহেরপুর-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জনসভায় অংশগ্রহণ ও সরকারি গাড়ি ব্যবহার করায় নৌকা প্রতীকের এই প্রার্থীকে কারণ দর্শাতে বলা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচন অনুসন্ধান কমিটির জেলা শাখার চেয়ারম্যান মো. কবির হোসেন এ শোকজ করেন।মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে প্রার্থীকে সশরীরে অথবা মনোনীত প্রতিনিধিকে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।শোকজ নোটিশে বলা হয়েছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৯ ডিসেম্বর মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শোলমারীস্থ বাসভবনের সামনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন এবং সরকারি গাড়িযোগে পুলিশ প্রটোকল নিয়ে তিনি জনসভায় উপস্থিত হন। এতে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১২ ও ১৪ (২) এর লঙ্ঘন হয়েছে।


