

শীত আরও বাড়তে পারে। তাতে আগামী বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে দেশের উত্তর (রংপুর ও রাজশাহী) এবং পশ্চিমাঞ্চলে (খুলনা) মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।উল্লেখ্য, নির্দিষ্ট সময়জুড়ে বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।বৃহস্পতিবার শৈত্যপ্রবাহ শুরু হলে এটিই হবে চলতি শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। এদিকে, সারাদেশেই এখন কুয়াশা পড়ছে। কোথাও কোথাও ঘন কুয়াশায় দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। এই কুয়াশা পরিস্থিতি আগামী কয়েক দিন দেশজুড়ে অব্যাহত থাকতে পারে।আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে নওগাঁর বদলগাছীতে যা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, আজ রাজধানীতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।



