

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্বাচনী পোস্টারে লেখা হয়েছে, তিনি ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে চুন্নুর এ পোস্টার। বইছে সমালোচনার ঝড়ও। এমনকি তার নির্বাচনী এলাকা করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। কারণ, জাপা মহাসচিবের আসন কিশোরগঞ্জ-৩-এ আওয়ামী লীগেরই চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।প্রসঙ্গত, এবারের ভোটে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিতে জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দেয় আওয়ামী লীগ। ফলে এই আসনে নৌকা পাওয়া করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। আর জাপার চুন্নু লাঙ্গল নিয়ে লড়ছেন।চুন্নুর পোস্টার কাণ্ডে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, ২০০৮ সাল থেকে চুন্নু নৌকায় উঠে সংসদে যাচ্ছেন। কিন্তু এবার ছাড় দেয়ার নৌকার প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করলেও দলের চারজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছে। আর আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছে। তাই ছাড় দেয়াকে আওয়ামী লীগের সমর্থন মনে করার কারণ নেই।পোস্টারের বিষয়ে কথা বলার জন্য মুজিবুল হক চুন্নুকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।


