

রাজশাহী-২ (সদর) আসনে নৌকা প্রতীকে ভোট করা বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধরণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বিরুদ্ধে এককাট্টা হয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। তাকে বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে জেতানোর অঙ্গীকার করেছেন আওয়ামী লীগের নেতারা।শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার হাত উঁচিয়ে এ অঙ্গীকার করেন তারা। এ মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে রাজশাহীর এই আসনে নৌকা প্রতীক পান ফজলে হোসেন বাদশা। ২০০৮ সাল থেকে তিনি জোট থেকে মনোনয়ন নিয়ে টানা তিনবার সংসদ সদস্য হয়েছেন। এবারও তিনি নৌকার টিকিট পেয়েছেন।একই আসনে তার বিরুদ্ধে কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও শিক্ষক নেতা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। তার পক্ষেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছে মহানগর আওয়ামী লীগের নেতারা। তাই এ স্বতন্ত্র প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার জন্য মতবিনিময় সভার আয়োজন। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সভায় সভাপতিত্ব করেন। তিনি জানান, তারা নৌকার পক্ষে, কেউ নৌকার বিপক্ষে নন। তারা বিভিন্ন জায়গায় নৌকার জন্য কাজ করছেন। রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন নৌকার জন্য কাজ করছেন। কিন্তু ফজলে হোসেন বাদশা যদি নৌকা প্রতীক পেয়ে তাদের নেতা খায়রুজ্জামান লিটনকেই না ডাকেন, তাহলে কি তাঁদের ঠেকা পড়েছে যে তার বাসায় গিয়ে তার জন্য কাজ করতে হবে? তখন নিচ থেকে নেতাকর্মীরা ‘না’ বলে চিৎকার দেন। নগর আওয়ামী লীগের সভাপতি বলেন, আমাকে যেখানেই ডাকা হয়, সেখানেই যাই। কিন্তু নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা আমাকে নির্বাচন করার জন্য আমন্ত্রণ জানাননি। এখন আমরা যদি আপনাদের মতামত নিয়ে দলের সহসভাপতি শফিকুর রহমান বাদশাকে সমর্থন দিই, তাহলে কোনো অপরাধ হবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ হবে না। এ জন্য যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গের জবাব দিতে হয়, তাহলে সেই জবাব আমি দেব, সেই জবাব দেবেন খায়রুজ্জামান লিটন।তিনি আরও বলেন, আমরা যখন নেমে গেছি, তখন আমাদের দলের সহসভাপতি শফিকুর রহমান বাদশাকে বিজয়ী করে আনতে হবে। আমরা নৌকার বিপক্ষে নই। আমরা ফজলে হোসেন বাদশার বিপক্ষে। তাকে আমরা দেখিয়ে বিদায় করব যে রাজশাহীতে তার কোনো জনসমর্থন নাই।এ সভায় স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা ছাড়াও মহানগরীর ওয়ার্ড-মহল্লা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


