

ঘন কুয়াশার কারণে যশোর সদরের চুড়ামনকাটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।খুলনাগামী রকেট মেইলের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। নিহতদের মধ্যে পারভেজ (২৬) ট্রাকটির চালক। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারী গ্রামের বাসিন্দা। অন্যদিকে একই জেলার মহেশপুরের আজমপুর গ্রামের বাসিন্দা নাজমুল হাসান (২৮) ছিলেন চালকের সহকারী (হেলপার)। তবে দায়িত্বশীল কারও কাছ থেকেই নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।রেল পুলিশের কর্মকর্তা শাহিদুল জানান, পণ্যবোঝাই ট্রাকটি যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় সেটি খুলনাগামী রকেট মেইলের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও তার সহকারীর মৃত্যু হয়।পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে ফেলে। এরই মধ্যে মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।খবর পেয়ে যশোর সেনানিবাস ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সিনিয়র স্টেশন কর্মকর্তা নাহিদ মামুন বলেন, সকাল ৫টা ৪৫ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ভুষিবোঝাই ট্রাকটি উল্টে গেছিল তার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আমরা স্পট ডেড হিসেবে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করি।


