প্রিজাইডিং অফিসারদের নিয়ে 'গোপন বৈঠক' এমপির! ম্যাজিস্ট্রেটের হানায় পণ্ড
হেড অফ ডিজিটাল মিডিয়া


প্রিজাইডিং অফিসারদের সাথে 'গোপন বৈঠকের' আয়োজন করেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল। সেখানে আচমকা হাজির হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মোবাইল কোর্ট।তাতে হন্তদন্ত হয়ে ছোটাছুটি শুরু করেন প্রিজাইডিং কর্মকর্তারা। রোববার (২৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলে।সরেজমিনে ওই হোটেলে গিয়ে দেখা যায়, কলেজ শিক্ষকদের (প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তালিকাভুক্ত) নিয়ে হোটেলটির চারতলায় দেবিদ্বার উপজেলা কলেজ শিক্ষক সমিতি কর্তৃক বর্ষ সমাপনী মিলনমেলার ব্যানারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে অনুষ্ঠানে শুধু এমপি আশীর্বাদপুষ্ট কলেজ শিক্ষকদের আমন্ত্রণ জানানো হয়। যারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি কেন্দ্রের দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার হিসেবে আবেদন করেছেন। কিন্তু ম্যাজিস্ট্রেট চলে আসায় গোপন বৈঠকে আর আসেননি সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।আর ম্যাজিস্ট্রেট চলে আসায় ওই অনুষ্ঠানও হয়নি। শিক্ষকরাও বেরিয়ে আসেন অনুষ্ঠানস্থল থেকে।ঘটনাস্থলে উপস্থিত মোবাইল কোর্ট পরিচালনাকারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অতীশ সরকার বলেন, আমরা ঘটনাস্থলে আসার পর আয়োজকরা জানিয়েছেন, এটি শিক্ষক সমিতির প্রোগ্রাম। কিন্তু আমরা শিক্ষকদের তালিকা চেয়েছি। যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনও তথ্য পাওয়া যায় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।


