

সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা দূরবীন নিউজকে বলেন, ফজলুর রহমান গতকাল রোববার অফিস করেছেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। আজ ভোরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি সরিষার তেল উৎপাদনের উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে সিটি গ্রুপের কার্যক্রম শুরু হয় ফজলুর রহমানের হাত ধরে। পরে এটি সিটি গ্রুপে রূপ নেয়। ১৯৯৫ সালে তীর ব্র্যান্ডের আটা, ময়দা, সুজি উৎপাদন শুরু করে শিল্প প্রতিষ্ঠানটি।প্রথম উদ্যোগ সফল হওয়ার পর সিটি গ্রুপ নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ শুরু করে। এ সময় মূলত উৎপাদন, শিল্পোদ্যোগ ও ট্রেডিংয়ে বিনিয়োগ করা হয়। নব্বই দশকের গোড়ার দিকে আরও প্রকল্প এবং উদ্যোগ হাতে নেয় সিটি গ্রুপ। বর্তমানে শিল্পগোষ্ঠীটির অধীনে রয়েছে ৪০টির বেশি প্রতিষ্ঠান।ধীরে ধীরে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইস্পাত, প্লাস্টিক পণ্য, বোতলজাত পানি, পরিশোধিত পাম তেল, পোল্ট্রি ও ফিশ ফিড, সয়ামিল, চিনি ও লবণ পরিশোধন, চাল, ডাল ও ময়দার স্বয়ংক্রিয় মিল, নৌপথে পণ্য পরিবহন, চা বাগান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসায় যুক্ত হয় সিটি গ্রুপ। বর্তমানে এ শিল্প প্রতিষ্ঠানটির ৪০টির বেশি কোম্পানি রয়েছে যেখানে ২৫ হাজার মানুষ কাজ করছেন। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি ময়দা ও তেলসহ নানা পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, মালয়েশিয়া, ভারত, কম্বোডিয়া ও নেপালে।পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বাদ আসর গেণ্ডারিয়ার ধুপখোলা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


