

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানকে বদলি করা হয়েছে। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়। সোমবার (২৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. মিজানুর রহমানের সই করা এক আদেশে তাকে বদলির কথা বলা হয়েছে। একই সঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুর জেলার পুলিশ সুপার পদে পদায়নের জন্য অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে পদায়নে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে। চিঠিতে বলা হয়, মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে তাকে অন্যত্র বদলি করে একজন নিরপেক্ষ পুলিশ সুপারকে পদায়ন করার জন্য মুহাম্মদ সাইফুর রহমান নামে এক ব্যক্তি নির্বাচন কমিশনে আবেদন করেছেন। উল্লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।



