বাংলাদেশ পুলিশ-এর শেরপুর জেলা শাখার উদ্যোগে জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার জনাব মো. কামরুল ইসলাম। সভার শুরুতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শেরপুর জেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হওয়ায় জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা-সদস্য এবং সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
 
পরে জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে সম্পাদন করায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
 
সভায় জেলার প্রতিটি থানার সার্বিক অপরাধচিত্র বিশ্লেষণ, মামলা নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশি তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
 
পুলিশ সুপার পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে থানাভিত্তিক কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দেন। পাশাপাশি নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
 
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।