

বিএনপির ডাকা সমাবেশ ও তার পরবর্তী সময়ে আইনশৃঙ্খলাবিরোধী প্রতিটি ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।২৮ অক্টোবর আহত পুলিশ সদস্যদের বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, পুলিশ বাহিনীর মতো সাংবাদিক বন্ধুরা মাঠে দায়িত্ব পালন করেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারাও পুলিশের মতো আক্রমণের শিকার হয়েছেন। দুষ্কৃতিকারীরা চায় না তারা যে ছবি, তথ্য সংগ্রহ করেছেন, যেগুলো তাদের বিপক্ষে যায়... এ আশঙ্কায় তারা সাংবাদিকদের ওপর আক্রমণ করেছে।চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানান, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী ও কথিত জো বাইডেনের উপদেষ্টা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে যুক্ত কি না সে বিষয়ে তদন্ত চলছে।আইজিপি বলেছেন, অবরোধের নামে যারা মানুষের চলাচলে বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষের জানমাল নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে।


