

বিএনপির-জামায়াতের ডাকা প্রথম দফার তিন দিনের অবরোধ কর্মসূচিতে রাজধানীসহ সারাদেশে মোট ৩৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।ফায়ার সার্ভিসের দেয়া তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীতে ১২টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, সাভার, নারায়ণগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (সীতাকুণ্ড, কর্ণফুলী, রাঙ্গুনিয়া, ফেনী, চাঁদপুর, বায়েজিদ) ৮টি, রাজশাহী বিভাগে (বগুড়া, রায়গঞ্জ) ৪টি, রংপুর বিভাগে (পার্বতিপুর) ১টি, বরিশাল বিভাগে (চরফ্যাশন) ১টি, ময়মনসিংহ বিভাগ (কেন্দুয়া) ১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাতে ১৮টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ৩টি মোটরসাইকেল, ২টি বাণিজ্যিক পণ্যের শো রুম, ১টি পুলিশ বক্স পুড়ে যায়।এসব ঘটনায় পরিসংখ্যান বিশ্লেষণ করা দেখা যায়, দিনের বেলা থেকে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে। মোট ৩৪টি আগুনের মধ্যে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৫টার মধ্যে ১৯টি আগুনের ঘটনা ঘটে। বাকি ১৫টি অগ্নিসংযোগের ঘটনা দিনের অন্যান্য সময় সংঘটিত হয়েছে। দিনের বেলা সংঘটিত ১৫টি অগ্নিসংযোগের মধ্যে ভোর ৬টা থেকে সকাল ১১টার মধ্যে ৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে বুঝা যায়, দিনের ঘটনাগুলোর মধ্যে সকালে আগুন দেয়ার ঘটনা বেশি।


