

গাঁজা পরিবহনে বেছে নেওয়া হয়েছিল অভিনব এক পদ্ধতি। শরীরের সঙ্গে গাঁজা স্কসটেপ দিয়ে বেঁধে তা বহন করছিল দুই তরুণ। কিন্তু ঢাকার দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুসসালাম থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ আলতাব হোসেন ও মোঃ ছাদেক মিয়া। শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টায় গাবতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে দারুসসালাম থানা পুলিশ।ডিএমপির দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালীন তথ্য আসে দুইজন ব্যক্তি গাঁজাসহ গাবতলী বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীরে অভিনব কৌশলে গাঁজা বহনকালে আলতাব ও ছাদেক নামের দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাদের শরীরে স্কসটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তা স্বীকার করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা দায়ের করা হয়েছে।


