

বাসে আগুন দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পান প্রত্যেক অগ্নিসংযোগকারী। আর অগ্নিসংযোগের ঘটনার বোনাস হিসেবে দেওয়া হয় তিন হাজার টাকা।ঢাকায় যাত্রীবেশে বাসে উঠে অগ্নিসংযোগকারীদের নির্দেশদাতার অভিযোগে মহানগর ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। সোমবার (৬ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।জিজ্ঞাসাবাদে জানা যায়, সম্প্রতি সরকারবিরোধীদের ডাকা হরতাল ও অবরোধকে কেন্দ্রে করে রাজধানীসহ সারাদেশে যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটছে। এসব বাসে আগুন দেয়ার ঘটনায় মোবাইলে টাকা পাঠাতেন ছাত্রদল নেতা। দ্বিতীয় দফা অবরোধে বোনাসের পরিমাণও বাড়ানো হয়।অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন রকি (২৫) এবং তার সহযোগী সাকিব ওরফে আরোহান (২১)। গতকাল রোববার রাতে রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বোতল ভর্তি পেট্রল উদ্ধার করা হয়। সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, গত ১ নভেম্বর রাজধানীর মুগদাপাড়ায় মিডলাইন বাসে কয়েকজন রাজনৈতিক দুর্বৃত্ত যাত্রীবেশে উঠে আগুন দিয়ে পালানোর সময় আল আমিন নামে একজনকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় কার নেতৃত্বে কীভাবে বাসে আগুন দেওয়া হয়। তিনি বেশ কিছু তথ্য দেন। এ সময় মো. আসাদুজ্জামান উল্লেখ করেন, আল আমিনের নেতা মিজানুর রহমান। এই মিজানের নেতৃত্বে আরও দুজন কমলাপুর টিটিপাড়া থেকে বাসে উঠে পেছনের সিটে গিয়ে বসেন। এরপর সঙ্গে থাকা পেট্রল ঢেলে বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। মিজানসহ ৩ জন পালাতে পারলেও স্থানীয়রা আল আমিনকে ধরে ফেলেন। পরবর্তীতে মিজানকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মিজান সিটিটিসিকে বলেন, মহানগর ছাত্রদলের নেতা আমির হোসেন রকির নেতৃত্বে মিজান রাজনীতি করেন। এই রকির নির্দেশনায় ও তত্ত্বাবধানে প্রথম দফা মিডলাইন বাসসহ বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। এই নেতার কাছ থেকে সব ধরনের রসদ পেয়ে চারজন বাসে আগুন দেওয়া শুরু করেন। এর বাইরেও আরও বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রথম দিনের অবরোধে মিজান এসে আল আমিনের কাছে বোতলে পেট্রল ও টাকা দেন। এ সময় মিজান তাদের আশ্বস্ত করেন যে, দল ক্ষমতায় আসছে। কোনো সমস্যা হবে না তোমরা বাস পোড়াও। সিটিটিসি প্রধান বলেন, কমলাপুরের টিটিপাড়া থেকে খিলগাঁও সড়কে চলাচল করা বাসে আগুন দেওয়ার দায়িত্ব দেওয়া হয় তাদের। প্রতিটি বাসে আগুন দেওয়ার জন্য তিন হাজার টাকা বোনাস বিকাশ করে দেয়। পরবর্তীতে দ্বিতীয় দফা অবরোধে বাসে আগুন দেওয়ার জন্য ডাবল বোনাস ঘোষণা করা হয়।পুলিশের এই কর্মকর্তা দাবি করেছেন, দ্বিতীয় দফা অবরোধে গতকাল রোববার রাজধানীতে ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সেদিনও রকির নির্দেশনায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি রকির নির্দেশে যাত্রাবাড়ীর দয়াগঞ্জে আগুন দেওয়ার সময়ে হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দাদের তৎপরতায় আগুন ঠেকিয়ে দেওয়া হয়। তাতে ব্যর্থ হওয়া রকি তার সহযোগী সাকিবকে নিয়ে কেরানীগঞ্জ এলাকায় বাসে আগুন দেওয়ার উদ্দেশ্যে বিএনপির এক নেতার কাছে যাচ্ছিলেন। পরবর্তীতে তার পিছু নিয়ে বাবুবাজার ব্রিজ থেকে পেট্রলসহ তাকে গ্রেপ্তার করা হয়।



