কুড়িগ্রাম (রাজারহাট) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ত্রিশ হাজার টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (৭ মার্চ) গভীর রাতে ইউনিয়নের বাজেমুজরাই নামক এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে,মোঃ আবুল হোসেন ৩৫ বছর আগে বাড়ির পাশে ৩০ শতক জমিতে একটি পুকুর খনন করেন। দীর্ঘদিন ধরে ওই পুকুরে মাছচাষ করে আসছেন তিনি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ,পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষতি করতে না পেরে গেল রাতে পুকুরে বিষ প্রয়োগ করে তারা। এতে পুকুরে থাকা প্রায় ৩-৪ মণ মাছ মারা গেছে। যার মূল্য ৩৫ থেকে ৪০ হাজার টাকা। আবুল হোসেন বলেন,এখানে বাড়ি করার পর থেকে প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে আমার ক্ষতি করে আসছে। গেল রাতে তারা আমার পুকুরে বিষ দিয়েছে। এতে আমার পুকুরে থাকা ৩-৪ মণ মাছ মারা গেছে। ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। এখন আমার কী হবে। তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল। ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই আমার। প্রতিবেশী পরেশ ও রতন বলেন,কে বা কারা রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। তার পুকুরে থাকা বেশির ভাগ মাছই মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।