চলতি নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২০ হাজার ৮১১ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম দিন থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে ১৬৯ কোটি ২০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এর মধ্যে ১২ থেকে ১৪ নভেম্বর—এই তিন দিনেই এসেছে ১৬ কোটি ৬০ লাখ ডলার।

গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩১৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৬২ কোটি ৮০ লাখ ডলার।

সে হিসাবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।