শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খানকে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন। পাশাপাশি পদ-সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধাও পাবেন। প্রচলিত বিধি অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বীমা, লিভ স্যালারি এবং পেনশন তহবিলে চাঁদা প্রদান করবেন।

citytouch 728-X-90

এতে আরও বলা হয়েছে, শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সরকারি বাসস্থানের ব্যবস্থা করলে তিনি বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান অনুযায়ী তাঁর চাকরি পরিচালিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।