রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগের প্রজ্ঞাপন জারির ঘণ্টাখানেকের মধ্যেই তা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে বিকেলে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

citytouch 728-X-90

প্রজ্ঞাপনের স্মারক নম্বর ছিল ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭।

তবে কিছু সময় পর শিক্ষা মন্ত্রণালয়ের একই কর্মকর্তার স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে আগের আদেশটি বাতিল করা হয়। বাতিলসংক্রান্ত প্রজ্ঞাপনের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৮।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. আনিসুর রহমান ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ভগ্নিপতি।

নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং লালমনিরহাট-২ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি দ্বিতীয় মেয়াদে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং তৃতীয় মেয়াদে সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের ধারণা, রাজনৈতিক সম্পর্ক এবং তা ঘিরে সৃষ্ট বিতর্কের কারণেই ড. আনিসুর রহমানের নিয়োগ বাতিল করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।