
পাকিস্তানের ২৩ তম নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুসলিম লীগ বা পিএমএল- এন প্রধান শাহবাজ শরিফ। সোমবার রাতে হঠাৎ করে প্রেসিডেন্ট অলিফ আলভি অসুস্থ হয়ে পড়লে, নব-নির্বাচিত শাহবাজকে শপথ বাক্য পাঠ করান সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানি। খবর-ডন।
অনাস্থা ভোটে ইমরান খান পতনের পর সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে শপথ বাক্য পাঠ করেছন তিনি। এর আগে পিটিআই মনোনীত প্রার্থী শাহ মুহাম্মদ কুরেশি ভোট বর্জনের সিদ্ধান্ত নিলে, বিনা প্রতিদ্ধন্ধিতায় ১৭৪ ভোটে জয়ী হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ।
প্রায় চার দশকের বেশি সময় ধরে রাজনৈতিক পথচলা শাহবাজ শরিফের। ছিলেন পাঞ্জাব প্রদেশের তিনবারের মূখ্যমন্ত্রী।
শাহবাজ শরিফ লাহোরের সরকারি কলেজের স্নাতক সম্পন্ন করেন। ১৯৮৫ সালে লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়ে তিনি প্রথমবার আলোচনায় আসেন। কিন্তু ১৯৮৮ সালে রাজনীতিতে তার যাত্রা শুরু হয়।যখন তিনি পাঞ্জাব অ্যাসেম্বলির সদস্য (এমপিএ) নির্বাচিত হন। তিনি ১৯৯০ সাল পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য দায়িত্ব পালন করার পর পরিষদ ভেঙে দেওয়া হয়।


