আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।


মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল এক সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার যে খবর ছড়িয়ে পড়েছে, তার কোনো সরকারি ভিত্তি নেই।

citytouch 728-X-90


এর আগে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়া হবে। তার ওই বক্তব্যের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।


তবে মালয়েশিয়া সরকারের সর্বশেষ বক্তব্যে বলা হয়েছে, বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।


এদিকে একই সংবাদ সম্মেলনে মিয়ানমারের শরণার্থীদের প্রত্যাবাসন নিয়েও কথা বলেন ফাহমি ফাজিল। তিনি জানান, প্রথম দফায় ১ হাজার ৪৭৬ জন শরণার্থী স্বেচ্ছায় স্বাক্ষর করে মিয়ানমারে ফিরে যাচ্ছেন।


মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) উদ্বেগ প্রকাশ করলেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফিরে যাওয়া নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।


বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে মালয়েশিয়া সরকারের এই বক্তব্যের ফলে দেশটিতে নতুন করে কর্মী পাঠানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।