সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বিএনপির রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলাদার নামে এক বিএনপি নেতা। তিনি আগৈলঝাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। একই সঙ্গে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সাংগঠনিক পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।


সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় কাবা শরীফকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন সাদ্দাম। পরে ভিডিওটির মন্তব্যে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসেও নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

citytouch 728-X-90


স্ট্যাটাসে সাদ্দাম বলেন, দীর্ঘদিন ধরে তাঁর পরিবারসহ বংশের অধিকাংশ সদস্য বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে বর্তমানে তিনি সৌদি আরবে প্রবাসজীবনে থাকায় বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। রাজনীতি তাঁর আবেগ হলেও এখন তিনি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন বলে জানান।


তিনি আরও বলেন, বিএনপির প্রতি তাঁর কোনো অভিযোগ নেই এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। ভবিষ্যতে রাজনীতির বাইরে থেকে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।


তবে সাদ্দামের এই সিদ্ধান্তের কারণ নিয়ে স্থানীয় বিএনপিতে আলোচনা শুরু হয়েছে। আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না বলেন, বিষয়টি তাঁর জানা নেই। সাদ্দাম দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। কোনো বিরোধ বা ক্ষোভ থেকে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে।


তিনি আরও বলেন, সাদ্দাম লিখিতভাবে কোনো পদত্যাগপত্র দিয়েছেন কি না, সেটিও যাচাই করে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।