অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ঘরবাড়ি ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার সময় ঘরবাড়ি ও গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি জরুরি সেবাকর্মী ও ঘটনাস্থলে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপরও হামলার অভিযোগ উঠেছে।

citytouch 728-X-90


ঘটনার পর এক বিবৃতিতে নেতানিয়াহু এসব হামলাকে কয়েকজন বিশৃঙ্খলাকারীর কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।


তবে হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


এদিকে পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক রয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনবিরোধী বলে মনে করে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ।


সমালোচকদের অভিযোগ, একদিকে বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানানো হলেও অন্যদিকে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ অব্যাহত রয়েছে। এতে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


পশ্চিম তীরে চলমান সহিংসতা ও বসতি সম্প্রসারণ ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার দাবিও জোরালো হচ্ছে।

সূত্র: আল-জাজিরা