

ভারতের তেলেঙ্গানার নিজামাবাদে মর্মান্তিক এক ঘটনায় দুই সন্তানকে আত্মীয়ের বাড়িতে রেখে আত্মহত্যা করেছেন এক দম্পতি। মঙ্গলবার (১১ আগস্ট) নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাবা-মাকে কয়েক ঘণ্টার জন্য আত্মীয়ের বাড়িতে রেখে আসা দুই শিশু আয়ুশ ও মিথুন এখন অনাথ।
নিহত দম্পতি হলেন ৩০ বছর বয়সী শেষলা মেঘনা ও তার স্বামী শেষলা নরেশ। পুলিশ জানিয়েছে, আত্মহত্যার আগে তারা তাদের দুই সন্তানকে আত্মীয়ের বাড়িতে রেখে এসেছিলেন। পরে বাড়িতে ফিরে তারা আত্মহত্যা করেন। খবর এনডিটিভির।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেশ কিছুদিন ধরে পরিবারটি আর্থিক সংকট ও নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে আর্থিক অনটনের পাশাপাশি শারীরিক অসুস্থতা ও তীব্র বিষণ্ণতার কথা উল্লেখ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নরেশ বিদ্যুৎ বিভাগের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী মেঘনা ছিলেন গৃহিণী। পরিবারের সদস্যদের ভাষ্য, নরেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং বিষণ্ণতার জন্য চিকিৎসাধীন ছিলেন। তবে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল বলে তারা জানতেন না।
ঘটনার পর পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। চিরকুটসহ বিভিন্ন আলামত বিশ্লেষণ করে দম্পতির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।






