ভারতের অযোধ্যায় রামমন্দিরে ৪ কোটি রুপির অনুদানের একটি চেক নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মন্দির কর্তৃপক্ষ ব্যাংকে চেকটি জমা দেওয়ার পর জানতে পারে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ছিল মাত্র ৩ রুপি। পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ব্যাংক থেকে ফেরত আসে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ের এক নারী ভক্ত শ্রী রামের জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের নামে ওই চেক দেন। তবে চেকটি জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় তা বাউন্স করে।
ঘটনার পর ব্যাংক ওই নারীকে নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এত বড় অঙ্কের চেক ইস্যুর সময় অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকার কারণও জানতে চাওয়া হবে। ওই নারী অবশ্য রামমন্দিরে আলাদাভাবে ১০ হাজার রুপি অনুদান দিয়েছেন।
জানা গেছে, ৪ কোটি রুপি অনুদান দেওয়ার আগে ওই নারী ট্রাস্টের কাছে লিখিত নিশ্চয়তা চেয়েছিলেন তার দেওয়া অর্থ শুধু মন্দিরের কর্মীদের সুযোগ-সুবিধার জন্য ব্যয় করা হবে। তবে ট্রাস্ট সেই নিশ্চয়তা দিতে রাজি হয়নি। বর্তমানে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
রামমন্দিরে প্রতি মাসে নগদ, অনলাইন ও চেকের মাধ্যমে প্রায় ৩ থেকে ৪ কোটি রুপি অনুদান আসে। এর মধ্যে চেকের মাধ্যমে আসে আনুমানিক ১ থেকে ১ দশমিক ৫ কোটি রুপি।
তবে ৪ কোটি রুপির চেক বাউন্সের ঘটনায় এখনো ট্রাস্টের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।










