মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে একপ্রকার লোকচক্ষুর আড়ালে জীবন কাটাচ্ছেন। বাবাকে ঘিরে একাধিক প্রাণঘাতী হামলার ঘটনা এবং সাম্প্রতিক নিরাপত্তা হুমকির পর থেকেই জনসমক্ষে তার উপস্থিতি অনেকটাই সীমিত হয়ে গেছে।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নিউইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করা ২০ বছর বয়সী ব্যারন খুব একটা বাইরে বের হন না। গ্রীষ্মের বেশিরভাগ সময় তিনি নিউজার্সির বেডমিনস্টারে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে মা মেলানিয়া ট্রাম্পের সঙ্গে কাটিয়েছেন বলেও জানা গেছে।
সাম্প্রতিক সময়ে ব্যারনকে লক্ষ্য করে হুমকির ঘটনাও সামনে এসেছে। একটি ইরানি গোষ্ঠী তাকে নিয়ে হুমকিমূলক ভিডিও প্রকাশ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে তার সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।
ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক নিরাপত্তা হুমকির ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ব্যারন ট্রাম্পকে নিয়ে ব্যক্তিগত তথ্য বা অবস্থানসংক্রান্ত সংবাদ প্রকাশে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মেলানিয়া ট্রাম্পের দপ্তর।
ট্রাম্প পরিবারের অন্য সন্তানরা রাজনীতি, ব্যবসা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও ব্যারন বরাবরই তুলনামূলকভাবে জনসম্মুখ এড়িয়ে চলেন। রাজনীতির চেয়ে ব্যবসা ও ব্যক্তিগত জীবনেই তার আগ্রহ বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সবশেষ গত জুলাইয়ে একটি ফুটবল ম্যাচে বাবা-মায়ের সঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছিল ব্যারন ট্রাম্পকে। এরপর থেকে তাকে আর তেমন কোনো প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায়নি।










