যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে পারমাণবিক হামলা চালালে তেহরানও সমান শক্তিতে জবাব দেবে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের এক সদস্য। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও নতুন মাত্রা পেল।


বুধবার স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ফাদা হোসেন মালেকি এ সতর্কবার্তা দেন।

citytouch 728-X-90


মালেকির ভাষ্য, ইরানের ওপর যে ধরনের অস্ত্র দিয়েই হামলা চালানো হোক না কেন, তার উপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা তেহরানের রয়েছে। তবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি।


ইরানের এই আইনপ্রণেতা আরও দাবি করেন, সামরিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য তেহরানের হাতে একাধিক গোপন ও শক্তিশালী বিকল্প রয়েছে। তাঁর মতে, ইরান এখন শুধু আত্মরক্ষায় সীমাবদ্ধ নেই; প্রয়োজনে আক্রমণাত্মক প্রতিরোধের পথও বেছে নেবে।


এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মালেকি। তাঁর অভিযোগ, ওয়াশিংটন আগের প্রতিশ্রুতি ও সমঝোতা বাস্তবায়ন করছে না। তাই প্রতিশ্রুতি পূরণ না হলে ভবিষ্যতে আলোচনায় বসার সম্ভাবনাও নাকচ করেন তিনি।


হরমুজ প্রণালিসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের উত্তেজনা অব্যাহত থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পারমাণবিক হামলা ও পাল্টা হামলার হুমকি মধ্যপ্রাচ্যের সংকটকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।