মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বাড়ছে অপরিশোধিত তেলের দাম। দুই সেশনে প্রায় ২ ডলার বেড়ে ব্রেন্ট ক্রুডের দাম ছাড়িয়েছে ব্যারেলপ্রতি ৯০ ডলার।
মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৮ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৬৭ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়ে ৮৭ দশমিক ৩ ডলারে পৌঁছায়।
এর আগের দিন সোমবারও ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছিল ২ দশমিক ৭ শতাংশ।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। এতে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে।
উদ্বেগের অন্যতম কারণ হরমুজ প্রণালি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হতো। তবে বর্তমানে ওই প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি সচল করতে কাতার ও ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও এখনো কোনো সফল সমাধান আসেনি।
বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও তীব্র হলে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। আর সেই আশঙ্কাই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়িয়ে দিচ্ছে।










