

ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেনের ধাক্কায় ছয় জনের মৃত্যু হয়েছে।সোমবার রাতে শ্রীকাকুলামে এ ঘটনা ঘটে।
নিহতরা সবাই গুয়াহাটিগামী সুপারফাস্ট এক্সপ্রেসের যাত্রী ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক জন।
প্রতিবেদনে বলা হয়েছে,যান্ত্রিক সমস্যার কারণে গুয়াহাটিগামী ট্রেনটি শ্রীকাকুলামের বটুয়া গ্রামের কাছে থেমে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমে রেললাইনে দাঁড়িয়ে ছিলেন। সেই মুহূর্তে বিপরীত দিক দিয়ে আসা কোণার্ক এক্সপ্রেস ট্রেন তাদেরকে ধাক্কা দেয়। এ সময় কেউ কেউ সরে যাওয়ার সুযোগ পেলেও বেশ কয়েকজন যাত্রী রেললাইন থেকে সরে যাওয়ার সুযোগ পাননি।
শ্রীকাকুলামের পুলিশ সুপার জি আর রাধিকা জানিয়েছেন, এখন পর্যন্ত তারা ছয়টি মৃতদেহ শনাক্ত করেছেন।
এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।



