

গত কয়েক মাসে খোদ রাজধানী ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু এলাকায় গোলাগুলির ঘটনা আশংকাজনকভাবে বেড়েছে। এ নিয়ে নিরাপত্তা শঙ্কায় রয়েছেন দেশটির নাগরিকেরা। এরই মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউ ইয়র্কের ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১৬ জন।
সানসেট পার্ক এলাকায় ৩৬তম স্ট্রিটের সাবওয়ে স্টেশনে এই বন্দুক হামলার পর ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ডিভাইস পাওয়া গেছে। তবে এখনও ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে হামলাকারীরা। হামলাকারীদের ধরতে অভিযান চলমান রেখেছে এনওয়াইপিডি (নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট)।
এনওয়াইপিডি জানিয়েছে, বন্দুক হামলাকারী নির্মাণ কাজের ভেস্ট ও একটি গ্যাস মাস্ক পড়ে কিছু বুঝে উঠার আগেই সাবওয়ে স্টেশনে সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। হামলায় ব্যবহৃত বন্দুকটি এবং একাধিক ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।



