
ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধ্বস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাড়িয়েছে। প্রবল বর্ষণের কারণে বেশ কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। বন্যাকবলিত এলাকায় আটকা পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। ঝড়ের তাণ্ডবে বহু বাড়িঘর, রাস্তাঘাট এবং অন্যান্য স্থাপনার ক্ষয়-ক্ষতি হয়েছে।
আগাটন নামে পরিচিত ঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় ৬৫ কিলোমিটার (৪০মাইল)। ঝড়ের আঘাতে বেবে শহরের আশপাশের এলাকায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৮ জন।
দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে জানায়, এ ঘুর্ণিঝড়ের তাণ্ডবে দেশটির দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ১৩ হাজারের বেশি মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া ঝড়বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় অনেক ঘর, আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ চালাচ্ছেন।সেনাবাহিনীর ব্রিগেডিয়ার কমান্ডার নোয়েল ভেস্তুইর দুর্ভাগ্যজনক এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন।


