
দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী ডারবান ও তার পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত তিন হাজারেরও বেশি মানুষ। এছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু এলাকা। বুধবার কর্তৃপক্ষ এসব কথা জানায়। সূত্র- বিবিসি
এক প্রতিবেদনে জানানো হয়, টানা কয়েক দিন ধরে ভারি বর্ষণে ফলে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় এ নগরীর বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এদিকে ভূমিধ্বসের কারণে কওয়াজুলু নাতাল প্রদেশে ট্রেন সার্ভিস বন্ধ হয়ে গেছে।
বেসরকারি জরুরি ও উদ্ধার কর্মী এবং প্যারামেডিক চিকিৎসকদের শেয়ার করা ভিডিও ফুটেজে নগরীর বিভিন্ন মহাসড়ক প্লাবিত হতে এবং অনেক গাড়ি পানিতে ডুবে থাকতে দেখা যাচ্ছে। এছাড়া এ প্রাকৃতিক দুর্যোগে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের উদ্ধার এবং স্থানীয়দের অন্যত্র সরিয়ে নিতে নিরলস কাজ করে চলেছে দেশটির সেনাবাহিনী ও উদ্ধারকর্মী দল। অসহায় মানুষদের সহায়তায় কাজ করছে দেশটির সরকার।


