
রাশিয়া হামলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে রাজধানী কিয়েভে পৌঁছেছেন চার ন্যাটো রাষ্ট্রের প্রেসিডেন্ট। দেশগুলো হলো- পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া।
বুধবার এক টুইট বার্তায় লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা বলেন, ইউক্রেনকে রাজনৈতিক ও সামরিক সহায়তার সমর্থন জানাতে কিয়েভে যাচ্ছেন তিনি।
এছাড়া পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, লাটভিয়ার প্রেসিডেন্ট এগিলস লেভিটস ও এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার কারিসও ইউক্রেন সফরে গেছেন।
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার কথাও রয়েছে তাদের।
এর আগে বিশ্ববাসীকে তাক লাগিয়ে কোন ঘোষণা ছাড়াই কিয়েভ সফরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনের কিয়েভে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির
সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় ইউক্রেনের জন্য সাঁজোয়া যান ও জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
প্রায় ৪৬ দিন ধরে ইউক্রেনে আগ্রাসী সেনা অভিযান চালাচ্ছে পুতিন বাহিনী। কিন্তু দীর্ঘদিন সময়েও বড় কোন শহর দখল করতে পারেনি রুশ বাহিনী।



