
দক্ষিণ আফ্রিকায় প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৩৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ। বন্যায় ভেসে গেছে রাস্তা-ঘাট ও ঘর-বাড়ি।
বৃহস্পতিবার দেশটির বিমানবাহিনী হেলিকপ্টারে করে বন্যায় আটকে পড়াদের উদ্ধার অভিযান চালাচ্ছে।
দেশটির বন্দর নগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এসব প্রাণহানি ঘটেছে।
এদিকে বন্যায় মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ রয়েছে জরুরি সেবাও। বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে ৪০ হাজারের বেশি মানুষ।
বেসরকারি জরুরি ও উদ্ধার কর্মী এবং প্যারামেডিক চিকিৎসকদের শেয়ার করা ভিডিও ফুটেজে নগরীর বিভিন্ন মহাসড়ক প্লাবিত হতে এবং অনেক গাড়ি পানিতে ডুবে থাকতে দেখা যাচ্ছে। এছাড়া এ প্রাকৃতিক দুর্যোগে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে।
স্থানীয়রা বলছেন, সময় মতো বৃষ্টি ও বন্যার পূর্বাভাস দিতে না পারায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের আগাম সতর্কবার্তা দেওয়া উচিত ছিল।



