৬২০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিলো কিমের হ্যাকাররা
হেড অফ ডিজিটাল মিডিয়া

সাইবার হামলা চালিয়ে ৬২০ মিলিয়ন মার্কিন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৪০০ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৬০০ টাকা। বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে এমন তথ্য সামনে এসেছে বলে জানিয়েছে এএফপি।
জানা যায়, চলতি বছরের মার্চে জনপ্রিয়তার শীর্ষে থাকা অনলাইন গেমিং কোম্পানি অ্যাক্সিইনফিনিটির খেলোয়াড়দের অ্যাকাউন্টে হামলা চালিয়ে বিপুল পরিমানের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নেয় উত্তর কোরিয়ার হ্যাকাররা।
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এত বড় হ্যাকিংয়ের ঘটনা এটাই প্রথম। এ কারণে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তা নিয়ে।
মূলত, একই কৌশলে প্রায় ৩২০ মিলিয়ন মার্কিন ডলার চুরি করার কয়েক সপ্তাহ পরই সামনে আসলো অ্যাক্সি ইনফিনিটির নির্মাতাদের কাছ থেকে গত মাসের চুরির বিষয়টি।
জানা গেছে, এ সাইবার হামলায় ১ লাখ ৭৩ হাজার ৬০০ ইথার এবং ২৫ দশমিক ৫ মিলিয়ন ইউএসডিএস টোকেন লুট হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিপুল অংকের এ চুরির ঘটনায় বোঝা যাচ্ছে, ক্রিপ্টোকারেন্সির লেনদেন সম্পূর্ণ নিরাপদ নয়। অনেক কম্পিউটার কোড নিয়মিত অডিট করা হয় না। আর সে দুর্বলতাই কাজে লাগাচ্ছে হ্যাকাররা।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের তদন্তে এ হামলার সাথে কুখ্যাত লাজারাস গ্রুপ ও এপিটি ৩৮ এর জড়িত থাকার প্রমাণ পেয়েছি। উত্তর কোরিয়ার সাইবার কর্মীরা এ হামলার সাথে জড়িত বলে দাবি তাদের।


