
যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি দল তাইওয়ানে সফরকালে দেশটির সীমান্ত এলাকায় বিশাল সামরিক মহড়া চালিয়েছে চীন। সামরিক মহড়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই তাইপে পৌঁছান মার্কিন প্রতিনিধি দল।
শুক্রবার অত্যাধুনিক যুদ্ধজাহাজ, বোমারু ও যুদ্ধ বিমান নিয়ে আকাশ ও নৌপথে নিজেদের শক্তিমত্তা প্রকাশ করে বেইজিংয়ের সেনারা।
তাইওয়ান কর্তৃপক্ষ বলছে, তাদের সীমান্ত জুড়ে উত্তেজনা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারাই দায়ী। মার্কিন কর্মকর্তাদের এই সফর উসকানিমূলক।
অন্যদিকে চীন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, আমেরিকার পাঠানো ভুল সংকেতের জবাব ও তাইওয়ানের প্রতি বেইজিংয়ের সক্ষমতা প্রদর্শন করারই এই মহড়ার উদ্দেশ্য।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করতে তাইপে যান ছয় মার্কিন আইনপ্রণেতা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর সাথেও দেখা কথা রয়েছে তাদের।



