
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। লিবীয় উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
শনিবার জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে নৌকাটি ৩৫ জন যাত্রী নিয়ে ডুবে যায়। এরপর ৬ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও ২৯ জন। কবে কী কারণে কাঠের ওই নৌকাটি ডুবে যায় সে বিষয়ে এখনও কোন তথ্য জানা যায় নি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক টুইট বার্তায় জানিয়েছে, ভূমধ্যসাগরে অভিবাসীদের প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। উন্নত জীবনের আশায় উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার চেষ্টায় এসব প্রাণহানি ঘটছে। শুধুমাত্র গত সপ্তাহে লিবিয়া উপকূলে কমপক্ষে ৫৩ জন মারা গেছে।
এসব অনাকাঙ্খিত মৃত্যু ঠেকাতে নিরাপদ অবতরণ ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার ক্ষমতা বাড়ানোর আর কোন বিকল্প নেই বলেও জানিয়েছে সংস্থাটি।



