
ইউক্রেন সামরিক অভিযানের ৫৩ দিনের মাথায় মারিউপোল শহর পুরোপুরি দখলে নিয়ে নেওয়ার দাবি করেছে রাশিয়া।
রোববার বার্তা সংস্থা রয়টার্স ও আলজাজিরার খবরে জানানো হয়েছে, মস্কো ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোল দখলে নিয়েছে। শহরটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিলেও সেখানে একটি ইস্পাত কারখানার ভেতরে ইউক্রেনের যোদ্ধাদের একটি দল আত্মগোপনে রয়ে গেছে। রুশ সামরিক বাহিনীর সদস্যরা সেসব যোদ্ধাদের আত্মসমর্পণ করার অনুরোধ করেছে। আত্মসমর্পণ করলে তাদের জীবিত রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে।
যদিও মারিউপোল শহর পুরোপুরি দখল করার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে রয়টার্স।
তবে বার্তা সংস্থাটি বলছে, যদি আসলেই মারিউপোল রুশ বাহিনীর দখলে চলে যায়, তাহলে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বাহিনীটির সামরিক অভিযান শুরুর পর এই প্রথম তাদের হাতে কোন বড় শহরের পতন ঘটলো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ বলেছেন, আমাদের সেনারা পুরোপুরিভাবে মারিউপোল দখলে নিয়েছে। আজভস্টাল ইস্পাত কারখানায় ইউক্রেনের অবশিষ্ট যোদ্ধারা আত্মগোপন করে আছে। তারা আত্মসমর্পন করলে তাদের জীবিত রাখার আশ্বাস দিয়ে স্বেচ্ছায় অস্ত্র ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
এই অভিযানে এখন পর্যন্ত্র ১,৪৬৪ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছেন বলেও জানান তিনি।


