

ডেস্ক রিপোর্ট:রাশিয়ার সামরিক বাহিনীর অভিযানের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে দুই সাংবাদিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাংবাদিক পিয়েরে জাকরজেউস্কি ও ওলেকসান্দ্রা কুভশিনোভা ইউক্রেনের রাজধানী কিইভের প্রান্তে হামলায় গুলিতে নিহত হন।
মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে হোরেঙ্কা নামক স্থানে সাংবাদিকদের বহনকারী গাড়িতে গোলা আঘাত হানলে ৫৫ বছর বয়সী ক্যামেরাম্যান পিয়েরে জাকরজেউস্কি এবং ২৪ বছর বয়সী ওলেক্সান্দ্রা কুভশিনোভা নিহত হন। এছাড়া এ ঘটনায় তাদের আরেক সহকর্মী বেঞ্জামিন হল (৩৯) আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুজান স্কট সংবাদকর্মীর মৃত্যুকে সংস্থার জন্য একটি ‘হৃদয়বিদারক দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে ‘সাংবাদিক হিসাবে জাকরজেউস্কির আবেগ এবং প্রতিভা তুলনাহীন’ বলেও উল্লেখ করেন তিনি।
সুজান স্কট বলেছেন, পিয়েরে ছিলেন যুদ্ধক্ষেত্রের ফটোগ্রাফার। তিনি দীর্ঘ সময় ধরে ইরাক থেকে আফগানিস্তান থেকে সিরিয়া পর্যন্ত ফক্স নিউজের প্রায় প্রতিটি আন্তর্জাতিক সংবাদ কভার করেছিলেন।



