
শ্রীলঙ্কায় আর্থিক সংকট, রাজনৈতিক টানাপোড়েনে দিশেহারা দেশটির জনগণ। এরমধ্যে নতুন ১৭ জনকে মন্ত্রীসভায় নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে। পাশাপাশি নতুন সরকারকে সাহায্য করার জন্য বিরোধী দলগুলোকে আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে দেশটির খাদ্য, জ্বালানী এবং ওষুধদের তীব্র সংকটের কারণে জনগণের বিক্ষোভের মুখে ২৬ মন্ত্রী একযোগ পদত্যাগ করেন।
তবে চলমান বিক্ষোভের মুখে দুই সপ্তাহের ব্যবধানে নতুন মন্ত্রিসভা নিয়োগ দিলেন রাজাপাকসে। তার দলের বেশ কয়েকজন সদস্যকে বিভিন্ন পদে পুনর্নিয়োগ করেছেন তিনি।
১৯৪৮ সালে স্বাধীন হওয়া শ্রীলঙ্কা। সময়ের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। বৈদেশিক মুদ্রার অভাবে খাদ্য, জ্বালানি আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। যার ফলে দেশটিতে সৃষ্টি হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ঘাটতি এবং সবকিছুর দাম আকাশ ছুঁয়েছে। বিদ্যুৎ বিপর্যয়, খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকটে ক্ষোভে ফুঁসছে শ্রীলঙ্কার জনগণ।



